১২ ডিসেম্বর ২০১৫ - ০৪:১৯
কাবুলের স্পেন দূতাবাসে হামলা

আফগানিস্তানের কান্দাহার বিমান বন্দরে হামলার দু’দিন না যেতেই রাজধানী কাবুলে অবস্থিত স্পেন দূতাবাসে হামলা চালাল তালেবানরা।

আবনা ডেস্ক : আফগানিস্তানের কান্দাহার বিমান বন্দরে হামলার দু’দিন না যেতেই রাজধানী কাবুলে অবস্থিত স্পেন দূতাবাসে হামলা চালাল তালেবানরা। শুক্রবার রাতে দূতাবাসের সামনে ব্যস্ত সময়ে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় তালেবানরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১২টা ৫৭ মিনিট) গোলাগুলি চলছিল। বিবিসি, এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস। জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, দূতাবাসে হামলা করা হয়েছে এবং যোদ্ধারা দূতাবাসের ভেতরে ঢুকে পড়েছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় দূতাবাসকে উদ্দেশ করে হামলা চালানোর খবর অস্বীকার করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, হামলাটি অন্য কোথাও করার উদ্দেশ্য ছিল। তবে হামলায় এক স্প্যানিশ পুলিশ নিহতের খবর স্বীকার করেছেন মারিয়ানো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনও বন্দুকযুদ্ধ চলছে। বিকট এক বিস্ফোরণের পর গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানান তারা। ফ্রিল্যান্স সাংবাদিক বিলাল সারওয়ারি জানিয়েছেন, হামলার পর স্পেনের দুই কূটনীতিক দৌড়ে সেখান থেকে বেরিয়ে যান। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলায় তিনজন সশস্ত্র লোক ছিল। জরুরি চিকিৎসা সেবাদানকারী একটি সংস্থার হাসপাতালে আহত অবস্থায় অন্তত সাতজনকে নেয়া হয়েছে। এ হাসপাতালটি স্পেনিশ দূতাবাস থেকে ৭০০ মিটার দূরে। এর বেশি হতাহতের খবর পাওয়া যায়নি।